দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের উজিরপুরে কাওসার হাওলাদার (৩৭) নামের এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রাশেদ আমিন নামের আরেক যুবদল কর্মী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সাতলা ইউনিয়নের পশ্চিম সাতলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উজিরপুর-কোটালীপাড়া সীমান্তবর্তী পশ্চিম সাতলা এলাকার একটি সেতুর ওপর কাওসার, রাশেদসহ কয়েকজন যুবদল কর্মী কথা বলছিলেন। এ সময় একটি মাইক্রোবাসে করে একদল সশস্ত্র ব্যক্তি সেখানে এসে তাঁদের ওপর হামলা চালায়। প্রাণ বাঁচাতে কাওসার ও রাশেদ সেতুর নিচে পানিতে ঝাঁপ দেন। পরে তাঁরা পাশের হাবিব হাওলাদারের বাড়িতে আশ্রয় নেন।
অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা ওই বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে কাওসারকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে তাঁকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত রাশেদ আমিনের চিকিৎসা চলছে।
নিহত কাওসার হাওলাদার সাতলার আলামদী গ্রামের মোনাসেফ হাওলাদারের ছেলে। তিনি পেশায় ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে। তবে হত্যার কারণ সম্পর্কে পুলিশ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। এ ঘটনায় স্থানীয় যুবদলের কয়েকজন নেতা-কর্মীর দিকে সন্দেহের তির রয়েছে বলেও এলাকায় আলোচনা চলছে।
হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে।
যে আই